পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে জলবায়ু বিষয়ক আসন্ন সম্মেলন উপলক্ষে আগামী ৯ এপ্রিল ঢাকায় আসছেন হোয়াইট হাউজের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একই সময়ে তিনি ভারত ও আমিরাত সফরেও যাবেন। তবে পাকিস্তানে যাওয়া থেকে বিরত থাকবেন এই কূটনীতিক।
মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আলোচনা করতেই তার এই সফর।
ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের নেতাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। পাকিস্তানও এ তালিকায় রয়েছে। কিন্তু তাদের আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। তাই জন কেরির আসন্ন সফরে দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা করা হয়নি। মোট ৪০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, আসন্ন সামিটে আমন্ত্রণের তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেওয়ায় নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, জলবায়ু বিষয়ক আসন্ন সামিটে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে না।


