বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ : কাদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাই কমিশনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে তৈরি বিশেষ সংস্করণের তিন ধরনের হাতঘড়ি উন্মোচনকালে তিনি এসব বলেন। ঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দু’দেশের সম্পর্কের আলোক শিখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদিতে এসেও দীপ্যমান।

সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ আঞ্চলিক ইস্যু এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিন্ন প্রতিবন্ধতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দুই সরকার প্রধান কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে গড়ে ওঠা সন্দেহ ও অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে এখন রচিত হয়েছে আস্থা ও সৌহার্দের সেতু।

তিস্তার পানি বণ্টনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে ইতোমধ্যে অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে।

ভারতের হাইকমিশনার বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন তা তিনি স্মরণ করেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন বলে এ সময় মন্ত্রী আশা প্রকাশ করেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *