বাইডেনকে পাল্টা জবাব দিল চীন

বাইডেনকে পাল্টা জবাব দিল চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জলবায়ু সংকট নিরসনে চলমান কপ-২৬ সম্মেলনে অংশ না নেওয়ায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সেই সমালোচনার কড়া জবাব দিয়েছে চীন। মার্কিনিদের উদ্দেশে তারা বলেছে, কথার চেয়ে কাজ করে দেখানোটাই বেশি ফলপ্রসূ।

স্থানীয় সময় বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এমন মন্তব্য করেন। এর আগে মঙ্গলবার চীনের সমালোচনা করে বাইডেন বলেন, সম্মেলনে অংশ না নেওয়া চীনের জন্য একটি ‘বড় ভুল’। এমনটি করার পরও কীভাবে তারা নিজেদের নেতৃত্ব দাবি করে?

চীন বিশ্বে সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ। এরপরও স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে অংশ নেননি চীনা প্রেসিডেন্ট। এমনকি করোনা মহামারি শুরুর পর থেকে চীনের বাইরে কোনো সফরে যাননি তিনি।

ওয়াং ওয়েনবিন বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আমাদের ফাঁকা বুলির চেয়ে শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ এ সময় তিনি প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সমালোচনাও করেন। ওয়েনবিন বলেন, মার্কিনিদের এমন পদক্ষেপের ফলে জলবায়ুর বৈশ্বিক নিয়ন্ত্রণ ও প্যারিস চুক্তির বাস্তবায়ন ক্ষতির মুখে পড়েছে।

কপ-২৬ সম্মেলনকে প্যারিস চুক্তি-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছয় বছর আগে প্রাক্‌-শিল্পায়ন সময় থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য বিশ্বের বেশির ভাগ দেশ প্যারিস চুক্তিতে সম্মত হয়।

চলতি দশকের মধ্যে মিথেন গ্যাসের নিঃসরণ কমপক্ষে ৩০ শতাংশ কমাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত মঙ্গলবার এ–সংক্রান্ত বৈঠকে অংশ নেয় প্রায় এক শ দেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ তাপমাত্রা বৃদ্ধির ওপর স্বল্পমেয়াদে বড় প্রভাব ফেলবে।

এদিকে জলবায়ু সম্মেলনে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। রাশিয়ার এমন পদক্ষেপেরও সমালোচনা করেছেন বাইডেন। বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান চতুর্থ। মঙ্গলবার বাইডেন বলেন, পুতিন মারাত্মক জলবায়ু সমস্যার মধ্যে রয়েছেন। এরপরও তিনি কোনো পদক্ষেপ নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *