পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (০৪ জুন) বিকাল ৪টার দিকে সরসপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদেরকে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই ঘটনায় আহতরা হলেন, আবেদ আলী খন্দকার (৬০), বাবু শেখ (৪০), আব্দুল্লাহ খন্দকার (৩০), মানিক শেখ (২৫), নাসিম গাজী ( ১৬), বিলাস (১৬), ফিরোজ শেখ (৬০), কবির শেখ (২৫) ও আনিস সরদার (৫০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকালে বাসাবাড়ি-সরসপুর এর সংযোগ কালভার্টের কাছ থেকে বাসাবাড়ি গ্রামের বিপুলের ছেলে বিলাস (১৬) সরসপুর গ্রামের ওলিউল্লাহ সরদারের ছেলে শাকিল (২১) কে গালি দেয় (আপত্তিকর উক্তি করে)। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিলাসের শার্টের কলার ধরে শাকিল। তখন শাকিলকে ঘুষি মারে বিলাস।
এরপর শুক্রবার বিকালে বিলাস ও তার বন্ধু সরসপুর হাটে গেলে শাকিলসহ কয়েকজনে তাদেরকে মারপিটসহ বিলাসের হাত ভেঙে দেয়। এরপর বাসাবাড়ি এলাকার লোকজন ওই বাজারে গিয়ে হামলা চালায়। এসময় সরসপুর গ্রামবাসীও রুখে দাড়ালে দুই গ্রামবাসীর মধ্যে প্রায় আধা ঘন্টা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হয়। এছাড়া সরসপুর বাজারের কয়েকটি দোকানের আংশিক ক্ষতিসহ একটি পিকাপের গ্লাস ভাঙচুর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবীর বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


