বাগেরহাটে ৭ দিনের লকডাউন ঘোষণা

বাগেরহাটে ৭ দিনের লকডাউন ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাগেরহাটে বৃহস্পতিবার (২৪ জুন) থেকে সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দ্রুত করোনা সংক্রমণ বাড়তে থাকায় বুধবার বিকেলে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলার ৯টি উপজেলার সর্বত্রই কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, বাগেরহাট জেলায় ক্রমশ করোনা সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় বুধবার বিকেলে ভার্চুয়ালি জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুসারে সংক্রমণ ঠেকাতে জেলার সর্বত্র সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন চলবে। লকডাউন চলাকালে নির্বাহী ম্যাজিট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় চেকপোস্ট থাকবে। ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। এছাড়া আন্তজেলা এবং উপজেলায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব কেএম হুমায়ুন কবির, পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিআলম বাচ্চু, মোড়েলগঞ্জ পৌর মেয়র অ্যাডভোকেট তালুকদার মনিরুল হক এবং বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *