পাথেয় ডেস্ক (নয়াদিল্লী) : ১৭ আগস্ট : ভারতের সাবেক প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অল-ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান ও জমিয়তে উলামা হিন্দের আসামের সভাপতি মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী।
তিনি তার শোকপ্রকাশে বলেন, নিঃসন্দেহে অটল বিহারী বাজপেয়ী হিন্দুস্থানের এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বাজপেয়ী ভারতের গত হওয়া সেইসব জাতীয় নেতাদের মধ্যেই উল্লেখ করা যায় যে, যাদের সততা, চরিত্র ও আচরণের ব্যাপারে বিরোধী দলের অন্যরাও একমত।
শনিবার দিল্লীর উর্দু জার্নাল হামারা সমাজে প্রকাশিত সংবাদে মাওলানা আজমল এসব কথা বলেন।
তিনি যে দল থেকে রাজনীতিতে এসেছেন এবং যে ধারায় রাজনীতি করে গেছেন তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং তাদের বিভিন্ন কাজকর্ম ও রাজনৈতিক কার্যক্রম দেখলেই বুঝা যায়, অটল বিহারী বাজপেয়ী তাদের চেয়ে কত উন্নত ও মহৎ ছিলেন।
তবে তার শাসনামলে বেশ এমন অপ্রিয় ঘটনা ঘটেছে যা আফসোস ও হতাশার। এর দায়ভার গ্রহণে তাকে আলাদা করা যাবে না। তেমনিভাবেই তার ও তার দল এবং মতাদর্শের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে। এর বাইরে আমরা তাকে একজন মহৎ নেতা ও একজন প্রধানমন্ত্রী হিসেবেই জানি। হিন্দুস্থান কখনোই তার রেখে যাওয়া কীর্তিসমূহ ভুলে যাবে না। সর্বোপরি এ কথা বলাই যায় তার মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে একটি শূন্যতা তৈরী হলো।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্যসূত্র : ডেইলি হামারা সামাজ, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির


