বাজারদরের সাথে ধান-চালের সমন্বয় না করলে চাল দেবেন না মিলমালিকরা

বাজারদরের সাথে ধান-চালের সমন্বয় না করলে চাল দেবেন না মিলমালিকরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধানের বাজারদরের সাথে সঙ্গে চালের মূল্য সামঞ্জস্য না করলে সরকারি গুদামে চাল সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে সমিতির এক সভায় তারা এ কথা জানান।

বক্তারা বলেন, বাজারে ধানের মূল্যর সঙ্গে চালের মূল্য সামঞ্জস্য করতে হবে। ধানের সঙ্গে চালের বাজার মূল্য সমন্বয় করে দিলে তবেই সরকারের ঘরে চাল সরবরাহ করা হবে।

তারা বলেন, ধানের বাজার ভালো, এবার কৃষক ভালো দাম পেয়েছে। কিন্তু সরকার নির্ধারিত ৩৭ টাকা মূল্যে চাল তারা সরবরাহ করতে পারবে না। এজন্য কোনো চালকল মালিক সরকারের সঙ্গে চুক্তিতে যাবে না। সরকারকে সহযোগিতার জন্য প্রয়োজনে লাভ না হলেও বর্তমান বাজার অনুযায়ী চালের দাম দেয়ার আহ্বান জানান তারা।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির দাবি, বিগত ইরি মৌসুমে মিল মালিকরা লোকসান দিয়ে চাল সরবরাহ করেছেন। করোনাকালে চালকল মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার লোকসান দিয়ে চাল সরবরাহ সম্ভব নয়।

তাদের প্রস্তাব, চালের মূল্য সরকারকে পুনরায় নির্ধারণ করে দিতে হবে। বর্তমান ধান অনুসারে চালের মূল্য দিতে হবে ৪২ থেকে ৪৪ টাকা কেজি। সেখানে ৩৭ টাকা কেজি দরে চাল দিলে মিল মালিকদের লোকসান গুণতে হবে। সভায় চুক্তির সময় বর্ধিত করারও দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক কেএম লায়েক আলী বলেন, সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দিলেও আমরা খাদ্যমন্ত্রীর কাছে ১০ হাজার টাকা প্রণোদনা চাইলেও দেয়া হয়নি।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রশিদ। কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও দিনাজপুরের মিল মালিক মোহন পাটোয়ারী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বগুড়ার সভাপতি এটিএম আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক দুদুসহ বিভিন্ন জেলার চাল কল মালিকরা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *