বাতিল হল ১লা বৈশাখের অনুষ্ঠান

বাতিল হল ১লা বৈশাখের অনুষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব্যব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের অশুভ ছায়া পড়েছে বাংলাদেশেও। সংক্রমণরোধে সারাদেশে সরকারি বেসরকারি সর্বত্র ১১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। ঘোষিত না হলেও কার্যত সারা দেশেই চলছে লকডাউন। এর মধ্যে জনসমাগম এড়াতে বাঙালির চিরন্তন উৎসব আসন্ন ১লা বৈশাখের অনুষ্ঠান বাতিল করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জনসমাগম আরও বড় বিপদ ডেকে আনতে পারে। আমাদের বাংলা নববর্ষের উৎসবে এ বছর জনসমাগম হয়, তেমন কিছু করা উচিত হবে না। অবশ্য ডিজিটাল ব্যাবস্থায় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। তবে জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে বন্ধ রাখতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মাঠপর্যায়ের জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে তিনি এসব বলেন।

এসময় তিনি করোনা উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, করোনা মোকাবেলায় দেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাটা জরুরি। আমাদের দেশটা ছোট কিন্তু জনসংখ্যা ব্যাপক। এর পরও আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। সে জন্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাপী করোনার থাবা রয়ে গেছে। আমরা বিশ্ব থেকে দূরে নই। আমাদের আরও সচেতন থাকা দরকার। আমরা আমাদের দেশের মানুষের সুরক্ষার জন্য অনেক আগে থেকেই কাজ করেছি। ভবিষ্যতে যাতে করোনাভাইরাস না ছড়ায় সে জন্য সেদিকেও দৃষ্টি রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে মানুষের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা এসব নির্দেশনা মেনে চলুন। কেননা নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।

করোনা উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে কোনো লুকোচুরি করার সুযোগ নেই। লুকোচুরি করলে নিজের জীবনকেই ঝুঁকিতে ফেলে দেয়া হবে। জনগণকে সুরক্ষিত রাখতে হবে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় কনফারেন্সে যুক্ত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *