পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদ ইস্যুতে আগামী ১৭ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগত রায়কে নিয়ে পুরো ভারতজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। সকল ধর্মের মানুষ অপেক্ষা করছেন, দেশের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ সময় ধরে চলা আসা এ মামলার রায় শোনার জন্য!
এই রায়কে কেন্দ্র করে দেশে কোন ধরনের আইনশৃংখলা পরিস্থতি যেন খারাপ না হয় এজন্য ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের সাহায্য চাইল ভারতীয় প্রশাসন।
আসরে হাজির সূত্র জানা যায়, শনিবার (২ নভেম্বর) দুপুরে সাহারানপুর পুলিশের এএসপি দিনেশ কুমার প্রভু দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর সঙ্গে সাক্ষাৎ করে দেশের সার্বিক পরিস্থিতি কীভাবে ঠিক থাকতে পারে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদরাজী, দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইয়্যিদ উসমান মানসুরপুরী।
বৈঠকে সাহারানপুর পুলিশের এএসপি দিনেশ কুমার প্রভু বলেন, সুপ্রিম কোর্টের রায় যে পক্ষেরই আসুক না কেনো দেশের শান্তি শৃঙ্খলা যেনো কোনভাবেই খারাপ না হয় এজন্য আমরা আপনাদের সাহায্য একান্তভাবে কামনা করছি।
দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী এ এসপি কে আশ্বাস দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে কোনভাবেই যেনো দেশের পরিস্থিতি খারাপ না হয়, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ্।
বৈঠক শেষে দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদরাজী এবং এ এসপি দিনেশ কুমার প্রভু যৌথভাবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের ব্রিফিং করেন। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে রায় যাদের পক্ষেই আসুক না কেনো, দেশের আইনশৃংখলা পরিস্থতি কোনভাবোই যেনো খারাপ না হয়। এজন্য প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে নানা উদ্যোগ।
প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির ও বাবরি মসজিদ রায়কে কেন্দ্র করে গ্রামে গ্রামে করা হয়েছে হিন্দু-মুসলিম শান্তি কমিটি এবং শান্তি কমিটির সদস্যরাও সভা করে যাচ্ছেন। যেন নতুন করে হিন্দু মুসলমানদের মধ্যে কোন দাঙ্গা না শুরু হয়।
সূত্র : আসরে হাজির
অনুবাদ : আদিল মাহমুদ


