খেলা ডেস্ক : ইমার বার্সেলোনা ছেড়েছেন বেশ কিছুদিন হলো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়াই মৌসুমটা দারুণ কাটাচ্ছে বার্সেলোনা। নেইমারও নতুন ক্লাবে মানিয়ে নিয়েছেন ভালোভাবে। গোল করা আর করানোয় অবিশ্বাস্য দক্ষতা দেখাচ্ছেন। কিন্তু নিজেদের সাবেক তারকার দলবদল যে বার্সেলোনা এখনো মেনে নেয়নি, সেটা বোঝা যায় দুদিন পরপরই। বার্সেলোনার সহসভাপতি বলেছেন, দলবদল নিয়ে নেইমার তাঁদের সঙ্গে ‘ইঁদুর-বিড়াল’ খেলেছেন।
জুলাইয়ের শুরু থেকেই গুঞ্জন চলছিল, নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন। কিন্তু জুলাই মাসের পুরোটা সময় নেইমার এ নিয়ে কোনো কথা বলেননি। প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত প্রদর্শনীতে উল্টো সবার আশা বাড়িয়ে দিয়েছেন। বার্সেলোনাও তাই নেইমারকে দলে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। অন্তত ক্লাবটির তৃতীয় সহসভাপতি জর্ডি মেস্ত্রের দাবি এমনটিই, ‘আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, পুরো সফরে নেইমার ও তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি এবং আলোচনাগুলো অর্থবহ ছিল।’
ক্যালেন্ডার পাতা উল্টে আগস্ট মাস আসতেই মুখ খুলেছেন নেইমার। বলেছেন বার্সেলোনা ছাড়তে চান। কারণ, নতুন চুক্তিতে একটি শর্ত ছিল, ৩১ জুলাই পর্যন্ত বার্সেলোনায় থেকে গেলে ৩০ মিলিয়ন ইউরো বোনাস পাবেন নেইমার। তবে বার্সেলোনা সে বোনাস দেয়নি ক্লাব ছাড়তে চাওয়া খেলোয়াড়কে। মেস্ত্রের ভাষায়, ‘সে আমাদের সঙ্গে “ইঁদুর-বিড়াল” খেলেছে। আমরা আগেই বুঝেছি কী হতে যাচ্ছে এবং এ কারণেই ওকে চুক্তি নবায়নের বোনাস দিইনি। এটা তো পরিষ্কার বোঝা গেছে, দলের সেরা খেলোয়াড় হতেই সে ক্যাম্প ন্যু ছেড়ে পার্ক দ্য প্রিন্সেসে গিয়েছে। সে জানত, মেসি বার্সেলোনায় থাকলে বিশ্বসেরা হতে পারবে না। সে-ও সেটাই বলেছে।’
৩০ মিলিয়ন ইউরোর বোনাস নিয়ে গত ছয় মাস কোনো কথা শোনা যায়নি। তবে জানুয়ারির শেষ ভাগে নেইমার আবারও নিজের প্রাপ্য নিয়ে আওয়াজ তুলেছেন। তবে বার্সেলোনার কোনো ইচ্ছা নেই নেইমারকে পুরস্কৃত করার, ‘নৈতিকভাবে ও (নেইমার) এটা দাবি করতে পারে না, কারণ সে তো থাকেনি। ওকে যদি কিছু শর্ত ধরিয়ে দেওয়া হতো, তখন নিশ্চয় সেগুলো পূরণ করতে হতো!


