পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি রাজধানীতে বাস পোড়ানোর অভিযোগে বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন নেতাকর্মী।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ১২০ জনের আগাম জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আদেশে এই ১২০ নেতাকর্মীকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, শাহজাহান ওমর, সালাউদ্দিন দোলন, রুহুল কুদ্দুস কাজল, মজিবুর রহমান ও কাজী মো. জয়নাল আবেদিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান।
পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ১৬টি আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন। পাশাপাশি ৫ জানুয়ারির আগে বা পরে তাদের মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোটের দিনে দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় ৯টি থানায় ১৬টি মামলা দায়ের করে পুলিশ।
/এএ


