বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

পাথেয় রিপোর্ট : ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধির পাঠানো সংবাদে জানা যায়, সোমবার সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুর সিটি করপোরেশনের হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের সর্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তাড়াশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০) এবং একই এলাকার আব্দুস সামাদ (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাড়ে ৭টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠালে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়।

এদিকে ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস ও টমটমের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার দুপুর দেড়টার পর উপজেলার দুধমুখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার ওসি আবু জাফর সালেহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে টমটমচালকের পরিচয় জানা গেছে। তার নাম ইসমাইল। বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক নারী নিহত হন। তাকে নোয়াখালীর বসুরহাট এলাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

এর আগে ঢাকার অদূরে ধামরাই উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী আমিন হোসনে ও তার শ্যালক সিফাত হোসেন । তাদের গ্রামের বাড়ি ধামরাইয় বালিয়া গ্রামে। আহত অটোরিকশা চালকসহ আরও দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের চৌহাট আঞ্চলিক সড়কে একটি অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *