পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ৩ দিন বা ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
শনিবার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার উপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
সেইসঙ্গে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। রংপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রী সেলসিয়াস।
আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৯৬ মিলিমিটার। এছাড়া মাইজদীকোর্ট ৪২ মিলিমিটার এবং কুমারখালীতে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


