বায়তুল মোকাদ্দাসে ফিলিস্তিনি পতাকা না উড়ানো পর্যন্ত আমরা থামব না : মাহমুদ আব্বাস

বায়তুল মোকাদ্দাসে ফিলিস্তিনি পতাকা না উড়ানো পর্যন্ত আমরা থামব না : মাহমুদ আব্বাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম  : ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি জনগণের চলমান আন্দোলন সংগ্রাম কখনই থামবে না যতদিন না পর্যন্ত মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে এবং ফিলিস্তিনের রাজধানী বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে ফিলিস্তিনি পতাকা না উড়ানো হয়।

ইহুদিবাদী ইসরাইল যদি পশ্চিম তীরের কোনো একটি অংশ দখলকৃত ভূমির সঙ্গে সংযুক্তি করার চেষ্টা করে তাহলে তিনি তেল আবিবের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করবেন বলে জানিয়েছেন।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূমি দখলের ৭২তম নাকাবা দিবস বা বিপর্যয় দিবস উপলক্ষ্যে দেয়া এক ভাষণে বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার বানচাল করার জন্য ইহুদিবাদী ইসরাইলের সকল পরিকল্পনা এবং ষড়যন্ত্র ফিলিস্তিনের সব প্রতিরোধকামী সংগঠনের সহযোগিতায় রুখে দেয়া হয়েছে।

মাহমুুদ আব্বাস বলেন, ফিলিস্তিনি জনগণের চলমান আন্দোলন সংগ্রাম কখনই থামবে না যতদিন না পর্যন্ত মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে এবং ফিলিস্তিনের রাজধানী বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমে ফিলিস্তিনি পতাকা না উড়ানো হয়।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, দখলদার ইসরাইলের নানামুখী ষড়যন্ত্র এবং বিদ্বেষী নীতি অব্যাহত থাকা সত্ত্বেও স্বশাসন কর্তৃপক্ষ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ে সঠিক কর্মপন্থা অবলম্বন করবে এবং ফিলিস্তিনিদের পবিত্র ভূমি থেকে দখলদারদের না তাড়ানো পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যদি পশ্চিম তীরের ভূমি দখলের ষড়যন্ত্রমূলক চুক্তি বাস্তবায়ন করে তাহলে তিনি তেল আবিব ও ওয়াশিংটনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করবেন।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরাইলের সংসদ নেসেটে একটি বিল উত্থাপন করেছে। ওই বিলে জর্দান উপত্যকা, ডেড সি’র উত্তরাঞ্চল এবং পশ্চিম তীরকে ইসরাইলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৫ মে) অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে নাকাবা বা বিপর্যয় দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। এ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভের আয়োজন করেছেন।

নাকাবা দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন এবং তাদের সব অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। একইসঙ্গে তারা নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল ১৯ লাখ। অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটিকে প্রতি বছর নাকাবা বা বিপর্যয় দিবস পালন করেন ফিলিস্তিনিরা।

১৯৪৮ সালের এ দিনে ফিলিস্তিনিদের ওপর যে বিপর্যয় নেমে এসেছিল তা এখনও চলছে। প্রতিদিনই ইহুদিবাদী সেনাদের হাতে শহীদ হচ্ছেন ফিলিস্তিনিরা। তবে মজলুম এ জাতি এখনও প্রতিরোধ অব্যাহত রেখেছে। তারা বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *