নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা করতে আধা ডজন জায়গায় আবেদন করে বিফল হওয়ার পর ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল লো মেরিডিয়ানে অনুমতি পাওয়ার কথা জানিয়েছেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় জাতীয় নির্বাহী কমিটির সভা বসবে। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে সভাপতিত্ব করবেন। খালেদা জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার রায়ের আগে ডাকা এই সভায় ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা হবে বলে বিএনপি নেতারা জানাচ্ছেন। জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর এই সভায় জাতীয় নির্বাহী কমিটির ৫০২ সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করবেন খালেদা জিয়া। রিজভী বলেন, “বৈঠকের জন্য কোথাও আমাদের জায়গা দেওয়া হয়নি। আমরা রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ, মতিঝিলের হোটেল পূর্বাণী এবং বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘রাজদর্শন’ হলের জন্য আবেদন করেছিলাম। এর মধ্যে বসুন্ধরায় আমাদের অনুমতি দিয়েও পরে তা বাতিল করে দেয়। অনেক খোঁজাখুঁজির পর লো মেরিডিয়ান কর্তৃপক্ষের অনুমতি মেলায় সেখানে সভা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। লো মেরিডিয়ানে সভার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকেও কোনো আপত্তি থাকবে না বলে আশা করছেন এই বিএনপি নেতা। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের পর জাতীয় নির্বাহী কমিটির সভার জন্য সদস্যদের পরিচয়পত্র দেওয়া শুরু হয়। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী, ডা. আবদুল কুদ্দুস দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের কাছ থেকে পরিচয়পত্র নেন। বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল পর্যন্ত আমন্ত্রিত সদস্যদের পরিচয়পত্র দেওয়া হবে।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবারই এ কমিটির প্রথম বৈঠক হবে। কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও সারাদেশে শাখাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে নির্বাহী কমিটির এ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া ট্রাস্ট মামলার রায় দেওয়ার দিন আগামী ৮ ফেব্রুয়ারি ঠিক হওয়ার পর থেকে পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই ডাকা হয়েছে এ বৈঠক। বিএনপি দাবি করে আসছে, খালেদা জিয়াকে শাস্তি দিয়ে নির্বাচন থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে ওই রায়টি দেওয়া হচ্ছে। রায়ে খালেদার শাস্তি হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও রয়েছে বিএনপি নেতাদের। রিজিভী ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, এটিএম কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


