বিএনপি উন্নয়ন করে না, বরং মানুষ পুড়িয়ে মারে : প্রধানমন্ত্রী

বিএনপি উন্নয়ন করে না, বরং মানুষ পুড়িয়ে মারে : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি উন্নয়ন করে না, বরং মানুষ পুড়িয়ে মারে দাবী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা জন্য দেশ ও জনগণের কোন উন্নয়ন করেনি। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে। তারা ৫শ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। এই বিএনপি ক্ষমতায় এসে নির্যাতন করে, মানুষ পুড়িয়ে মারে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে কোনো নির্যাতন করে না, দেশে ও জনগণের উন্নয়ন করে, মানুষের কল্যাণ করে।

২ নভেম্বর শুক্রবার বিকেলে নবগঠিত সিটি কর্পোরেশনসহ ময়মনসিংহ বিভাগের ১৯৬টি উন্নয়ন প্রকল্পের ১০৩টির উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করার পর ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০৮ সালে ক্ষমতায় আসার সময় দেশের দারিদ্র্য যেখানে ৪০ শতাংশ ছিল, তা এই ১০ বছরে ২১ ভাগে নেমে এসেছে। আপনাদের সহযোগিতা চাই। আগে যেভাবে ভোট দিয়েছেন, আগামী দিনেও সেভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সহযোগিতা করবেন, যেন দারিদ্র্যসীমা ৫-৬ ভাগ কমাতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সদ্য স্বাধীন একটি দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৯৭৫ সালে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। বাবা-মা-ভাই—সবাইকে হারিয়েছি। মানুষ তার আপনজনকে হত্যার বিচার চাইতে পারে, আমাদের সেই বিচার চাওয়ার সুযোগও দেয়া হয়নি। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে চেয়েছিল জিয়াউর রহমান। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ২০০১ সালে ষড়যন্ত্র করে আমাদের ক্ষমতায় আসতে দেয়া হলো না। সেসময় ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে। এই ময়মনসিংহে তারা পাকিস্তানি বাহিনীর মতো অত্যাচার করেছিল। ২০০৮ সাল পর্যন্ত এ দেশকে পিছিয়ে দেয়া হয়েছিল।

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নাই। বিদায়ের আগে শুধু এই কথা বলতে চাই- আপনাদের সেবা করাই আমার কাজ। বক্তব্যের শেষে নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রিক্ত আমি, নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত সিটি কর্পোরেশনসহ ময়মনসিংহ বিভাগের ১৯৬টি উন্নয়ন প্রকল্পের ১০৩টির উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বলে জানায়েছেন ময়মনসিংহ প্রতিনিধি।

এর আগে বিকাল পৌনে চারটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে অবতরণ করে। পরে তিনি জনসভা স্থলে আসেন। সেখানে সভা মঞ্চের পাশে স্থাপিত অন্য এক মঞ্চ থেকে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পর প্রধানমন্ত্রী সভা মঞ্চে উপস্থিত হন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছিল। প্রায় সাড়ে ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে এসেছেন। মহানগরীর ঘোষণার পর তার প্রথম সফরে সড়ক-মহাসড়কে তোরণ, রঙিন ব্যানার ও বিলবোর্ড আর ফেস্টুনের ছড়াছড়ি দেখা গেছে। অলিগলিতেও শোভা পাচ্ছে শেখ হাসিনার ছবি সম্বলিত নানা পোস্টার। পুরো নগরীতে এখন সাজ সাজ রব। জনসভাস্থলে সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলের আশপাশে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থলে ভিড়ও বাড়তে শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *