বিএনপি না থাকায় আ’লীগে মনোনয়নের হুড়োহুড়ি

বিএনপি না থাকায় আ’লীগে মনোনয়নের হুড়োহুড়ি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে। ইতিমধ্যে প্রধান ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় ও স্থানীয় অন্যান্য সব নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শক্ত প্রতিদ্বন্দি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় এই সুযোগকে কাজে লাগিয়ে চেয়ারম্যান হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে দলীয় মনোনয়ন পেতে হুমড়ি খেয়ে পড়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।

প্রথম ধাপের নির্বাচনের তফশীল ঘোষণা করা হলেও বগুড়ায় নির্বাচন হতে পারে পঞ্চম কিম্বা ষষ্ঠ ধাপে জুন মাসে। বগুড়ায় নির্বাচনের এখনো ৩-৪ মাস বাকি। ইতিমধ্যে বগুড়ার শাজাহানপুরে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত করেছে উপজেলা আওয়ামী লীগ। এই তালিকায় নাম অন্তর্ভুক্ত করা এবং তালিকায় নামের সিরিয়াল নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে মনোনয়ন প্রত্যাশীদের মনোমালিন্যের খবর পাওয়া গেছে। পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেয়ারও অভিযোগ উঠেছে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মাঝিড়া ইউনিয়নে ৫ জন, খরনা ইউনিয়নে ৩ জন, আশেকপুর ইউনিয়নে ৪ জন, খোট্টাপাড়া ইউনিয়নে ৫ জন, মাদলা ইউনিয়নের ৪ জন, আড়িয়া ইউনিয়নের ৫ জন, আমরুল ইউনিয়নের ৩ জন, চোপীনগর ইউনিয়নের ৫ জন এবং গোহাইল ইউনিয়নের ৫ জন মোট ৩৯ জন মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে।

উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, বিএনপি দলীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহন না করায় দলীয় মনোনয়ন পেতে হুমড়ি খেয়ে পড়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। দেখা গেছে অনেকের যোগ্যতা নেই তারাও দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। এতে করে মনোনয়ন বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি অযোগ্য ব্যক্তিদেরকে মনোনয়ন দেওয়া হলে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান অনেকে।

দলীয় মনোনয়ন প্রত্যাশী মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল জানান, তার আওয়ামী রাজনীতির ২৩ বছরে যাকে কোনো দিন দলীয় কর্মকাণ্ডে দেখা যায়নি তাকে মনোনয়ন তালিকায় রাখা হয়েছে। এখানে মনোনয়ন বাণিজ্যের সুযোগ রয়েছে। এ ছাড়া স্বাক্ষাতের নামে অনেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব। টাকা দেওয়া-নেওয়ার বিষয়ে নেত্রীর নির্দেশ না থাকায় তিনি টাকা দেননি।

মাঝিড়া ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা বাদশা আলমগীর জানান, মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে ৫ হাজার করে টাকা নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব। দলীয়ভাবে কোনো নিয়ম না থাকলেও দিতে হবে তাই তিনি নিজেও টাকা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা নিজে মনোনয়ন দেবেন। ক্লিলিন ইমেজ ছাড়া দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত এমন ব্যক্তিদেরকে মনোনয়ন না দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গোহাইল ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আলী ইমাম ইনোকী জানান, গত নির্বাচনের আগ মূহুর্তে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে এক ধাপে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন হাইব্রিড নব্য আওয়ামী লীগ আলী আতোয়ার তালুকদার ফজু। এবারও দলীয় মনোনয়ন দেওয়া হলে বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করা হবে। তৃণমূল নেতা-কর্মীদের সাথে বেইমানি করা হবে।

আরো পড়ুন : ভয়ে ইউপি নির্বাচন করছে না বিএনপি : হানিফ

চোপীনগর ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী মাহফুজার রহমান বাবলু জানান, তিনি গত নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন। গতবার যারা মনোনয়ন নিয়ে হেরে গেছেন এবার তাদের নাম তালিকায় প্রথমে দেওয়ার নির্দেশ আছে। কিন্তু তার নাম তালিকায় প্রথমে না দিয়ে শেষে দেওয়া হয়েছে। এখানে মনোনয়ন বাণিজ্য করার চেষ্টা করা হয়েছে। তাছাড়া হাতেগোনা দুইএকজন ছাড়া সবার কাছ থেকে ৫ হাজার করে টাকা নেওয়া হয়েছে। গতবারেও টাকা নেওয়া হয়েছিল। কিন্তু গতবারের টাকার কোনো হদিস না থাকায় এবার তিনি টাকা দেননি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব জানান, ৩৯ জন মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। দুই এক দিনের মধ্যে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নেই। কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *