পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস দেখা করেছেন। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে যান জেন লুইস।
মির্জা ফখরুল ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে এই বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বলেন, আজ বেলা ২টায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের নেতৃত্বে একটি দল চেয়ারপারসনের কার্যালয়ে আসে। তারা সেখানে প্রায় দেড় ঘণ্টা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে।
বৈঠকের সময় জিন লুইসের সঙ্গে প্রতিনিধি হিসেবে ছিলেন রেবেকা ভিকে।
বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপেক্ষামাণ সাংবাদিকেরা বৈঠকের বিষয়ে জানতে চাইলে জিন লুইস বা বিএনপি নেতাদের কেউ কোনো কথা বলেননি।


