বিএনপি রাজনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে : কাদের

বিএনপি রাজনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

“এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি” বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি আজ রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে। বিএনপি নেতাদের এ ধরণের বাস্তবতা বিবর্জিত বক্তব্য তাদের অন্তরজ্বালার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ উদযাপন করছে। বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উৎসব উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে গিয়েছে।”

তিনি বলেন, “পরিস্থিতি অনুকূল ও স্বস্তিদায়ক হওয়ায় পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। কোনো প্রকার দুর্ভোগ-দুর্যোগ ছাড়া আনন্দ মনে সাধারণ মানুষের ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ।”

দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক সেটা তারা চায় না। জনগণ কষ্টে থাকুক আর তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই বিএনপি নেতাদের বাসনা। বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতোটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর অনেক দেশে খাদ্যমূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সেইসব দেশের বাজারে খাদ্যদ্রব্য রেশনিং করা হচ্ছে। বর্তমান সরকার দেশের জনগণের কাছে খাদ্য সরবরাহ স্থিতাবস্থা এবং খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি বিতরণ করছে।”

ওবায়দুল কাদের বলেন, “ক্ষমতা দখলে উন্মত্ত হয়ে বিএনপি নেতারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরণের বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ বানোয়াট তথ্য দিয়ে সরকার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালাচ্ছে। অনুরূপভাবে সাজানো ও সম্পূর্ণ মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে তারা বিদেশী প্রভুদের কাছে তথাকথিত জুলুম-অত্যাচারের কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে।”

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির ধ্বংসাত্মক ও মিথ্যাচারের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। আগামীতেও দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল দেশবিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিরোধ করবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *