বিএনপি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী ও অনুসারী বলেই সবক্ষেত্রে গন্ধ খোঁজে : কাদের

বিএনপি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী ও অনুসারী বলেই সবক্ষেত্রে গন্ধ খোঁজে : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করছে, আওয়ামী লীগ নয় বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং এ তত্ত্বের অনুসারী বলেই সবক্ষেত্রে গন্ধ খোঁজে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

‘বিএনপির অপমৃত্যু তো সেদিনই হয়েছে, যেদিন তারা সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চেয়ে বিবৃতি দিয়েছিল’ যোগ করেন ওবায়দুল কাদের।

করোনাভাইরাসের আঘাত মোকাবিলায় যারা শেখ হাসিনাকে পরাজিত দেখতে চেয়েছিলেন, আজ তারাই পরাজিত হয়েছেন বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনা সংকট মোকাবিলায় সময়ের সাহসী নেত্রী হিসেবে বিজয়ী বীর হিসেবেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে।

রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমাত্রা থাকতে পারে কিন্তু এসব মতপার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে সাংগঠনিক পরিমণ্ডলে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে অবিরাম প্রয়াস, তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

তিনি বলেন, দলের জন্য কেউ বোঝা হতে চাই না। কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বেও নয়।

সীমারেখার মধ্যে থেকে দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে চলতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিজস্ব সীমারেখা রয়েছে। কথায়, আচরণে ও বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে বলে জানান তিনি।

তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, দল করতে হলে সবাইকে দলের নিয়ম, শৃঙ্খলা তথা দলের রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *