বিএসএফের কেড়ে নিলো আরও বাংলাদেশীর প্রাণ
ঝিনাইদহ প্রতিনিধি : আরও একজন গরুর পাইকার বিএসএফের গুলিতে মারা গেছেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে বিএসএফের গুলিতে সুমন (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটে। শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, জেলার মহেশপুর সীমান্তে লড়াইঘাট এলাকা দিয়ে গতরাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান সুমনসহ কয়েকজন। ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।
তিনি আরও জানান, সুমনের মরদেহ ফেরত আনার বিষয়ে ও ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য যোগাযোগের চেষ্টা চলছে।


