নিজস্ব প্রতিবেদক ● বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় বারের মত বিওয়াইএলসি ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট (ওপিডি) এ ফেয়ারের আয়োজন করে। সহযোগিতায় ছিল আগা খান ফাউন্ডেশন ও রিজওয়ান আদাতিয়া ফাউন্ডেশন। এবারের ক্যারিয়ার ফেয়ারে ৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং ৫০০ জন বিওয়াইএলসি গ্র্যাজুয়েট অংশ নেয়। ক্যারিয়ার ফেয়ারটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত লিওনি কুলেনারে। উদ্বোধনের পর তিনি বলেন, বিওয়াইএলসি শুধু দেশের তরুণদের মাঝে বিশ্লেষণধর্মী চিন্তা এবং নেতৃত্বের দক্ষতা গড়ে তোলার কাজটিই করছে না বরং চাকরি প্রত্যাশী তরুণ এবং চাকরিদাতাদের মধ্যে যোগাযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক সুযোগও সৃষ্টি করছে।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন বেসরকারি এবং অলাভজনক সংস্থার মানবসম্পদ প্রতিনিধিরা গ্র্যাজুয়েটদের সঙ্গে কথা বলেন, রেজিউমি বাছাই করেন এবং মেধাবী প্রার্থীদের অনস্পট ইন্টারভিউ নেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও এবং বিশিষ্টজনদের আলোচনায় কর্মজীবনের প্রস্তুতি এবং ক্যারিয়ার বাছাই সম্পর্কিত তথ্যের ওপর দুটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়।
প্যানেল ডিসকাশন সঞ্চালনা করেন বিওয়াইএলসির চেয়ারপার্সন আখতার মতিন চৌধুরী, সভাপতি ইজাজ আহমেদ এবং আলোচক হিসেবে অংশ নেন রেনেটা লিমিটেডের সিইও সাইয়েদ এস কায়সার কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিন আনাম, ঢাকা ব্যাংক লিমিটেডের সিইও মাহবুবুর রহমান, বিওয়াইএলসির বোর্ড মেম্বার পিয়াল ইসলাম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও ফারজানা চৌধুরী এবং বার্জারের সিইও রূপালী চৌধুরী।


