পাথেয় রিপোর্ট : পোশাক শ্রমিকদের কয়েক দিনের বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা। এতে যানজট চরম আকার ধারণ করেছে। তাই বেতন ও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এতে উপস্থিত থাকবেন তৈরি পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, সিনিয়র তথ্য অফিসার আবদুল লতিফ বকশী। তিনি বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত দুইদিন ধরে রাজধানীর বিমানবন্দর সড়কে বিক্ষোভ ও বাসে অগ্নিসংযোগ করেছেন পোশাক শ্রমিকরা। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বেশ কিছু দাবিতে তারা তাদের এ বিক্ষোভ করছে। এতে ঢাকার প্রবেশমুখ গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।
জানা গেছে, সোমবার (৭ জানুয়ারি) সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেন শ্রমিকরা। দুপুর ১২টা থেকে আজমপুর, জসমিউদ্দিন ক্রসিং এবং বিমানন্দর সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে একটি বাসে শ্রমিকরা আগুন ধরিয়ে দেন।
এর আগে রবিবার রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ যায়। আজমপুর থেকে জসিমউদ্দিন ক্রসিং পর্যন্ত অবস্থান নিলে অচল হয়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পাঁচ ঘণ্টা পর দুপুর ২টার দিকে তারা রাস্তা থেকে উঠে যাওয়ার আগে সোমবার ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছিলেন।এসময় বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরাও এসে সড়কে অবস্থান নেয়।


