বিকাশ আ্যাপ রেফার করে আয় করা কি জায়েয?
বিষয়: বিকাশ আ্যাপ রেফার করে আয় করা প্রসঙ্গ
প্রশ্ন: সম্মানিত মুফতি সাহেব! বর্তমানে মোবাইলে বিকাশ কোম্পানির বিকাশ আ্যাপ অন্যকে রেফার করলেই টাকা পাওয়া যায়। বিকাশ আ্যাপটি রেফার করার পদ্ধতি হল, আমি যাকে রেফার করবো সে রেফারেল লিংক থেকে বিকাশ আ্যাপ ডাউনলোড করার পর একাউন্ট খুলে লগ ইন করলেই আমি পাবো পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস। আরো থাকছে সুপার বোনাস। এভাবে বিশটির বেশি রেফার করলে প্রতিটি পঞ্চাশ টাকা এবং পঞ্চাশটির বেশি রেফার করলেই প্রতিটিতে একশ টাকা। এছাড়াও প্রতি মাসে থাকছে টপটেন প্রাইজ। সেরা দশজন প্রতি মাসে পাবে ২৫০০/= টাকা।
মুফতি সাহেবের নিকট জানার বিষয় হল, এভাবে টাকা উপার্জন করা শরিয়তে জায়েয কি না? দয়া করে জানাবেন।
নিবেদক
আবদুল্লাহ
ফরিদাবাদ, ঢাকা
الجواب باسم ملهم الصواب
উত্তর: প্রশ্নোল্লিখিত চুক্তিটিতে কেবল রেফারের বিনিময়ে পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস পাওয়ার যে চুক্তি তা জায়েয ছিল কিন্তু আপনি যাকে রেফার করবেন সে রেফারেল লিংক থেকে বিকাশ আ্যাপ ডাউনলোড করা ও একাউন্ট খুলে লগ ইন করার যে শর্তারোপ করা হয়েছে উক্ত শর্তের কারণে চুক্তিটি শরীয়ত সম্মত হয়নি। কারণ:
এক. উক্ত চুক্তিটিতে যার কাছে রেফার করা হবে সে রেফারেল লিংক থেকে বিকাশ আ্যাপ ডাউনলোড করলে আপনি পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস পাবেন। আর সে ডাউনলোড না করলে আপনি পঞ্চাশ টাকা পাবেন না। তাই এখানে একটি চুক্তির সাথে আরেকটি চুক্তি যুক্ত করা হচ্ছে। হাদিসে এটি নিষেধ করা হয়েছে।
দুই. উল্লেখিত চুক্তিতে বিকাশ কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে দুটি জিনিসের বিনিময়ে। একটি হল, বিকাশ কোম্পানির বিকাশ আ্যাপ অন্যকে রেফার করা আর অন্যটি হল, যার কাছে রেফার করা হবে সে ডাউনলোড করা। আমরা দেখতে পাচ্ছি যে, প্রশ্নোল্লেখিত চুক্তিতে বিনিময়ের প্রথমটি জানা থাকলেও দ্বিতীয়টি অজানা। কারণ যার কাছে রেফার করা হবে সে আদৌ ডাউনলোড করবে কী না? তা অনিশ্চিত।
তিন. উল্লেখিত চুক্তিতে যার কাছে রেফার করা হচ্ছে সে ডাউনলোড করলে আপনি কমিশন পাচ্ছেন। তাই প্রাপ্ত কমিশন বিনিময়হীন অর্জিত হওয়ার কারণে (‘আকলু মালিল গাইর বিল বাতিল’) তথা অন্যের সম্পদ বাতিল পন্থায় আহরণ-এর অর্ন্তভুক্ত।
চার. উল্লেখিত চুক্তিতে কর্মহীন পারিশ্রমিক ও পারিশ্রমিকহীন কর্ম (আল উজরত বেলা আমল ওল আমালু বেলা উজরত) পাওয়া যাচ্ছে। যা শরিয়তে নিষেধ। অথচ উল্লেখিত চুক্তিতে নির্ধারিত টার্গেট (তথা রেফারেলকৃত ব্যাক্তি ডাউনলোড করা ও লগ ইন করা) পূরণ না করলে কমিশন বা পারিশ্রমিক দেয়া হয় না।
তাই বিকাশ কোম্পানির বিকাশ আ্যাপ অন্যকে রেফার করার বিনিময়ে পঞ্চাশ টাকা নিশ্চিত বোনাস, সুপার বোনাস, পঞ্চাশটির বেশি রেফার করলেই প্রতিটিতে একশ টাকা, টপটেন প্রাইজ সবই জায়েয হবে যদি দ্বিতীয় শর্ত না থাকে আর দ্বিতীয় শর্ত থাকলে এভাবে টাকা কামানো জায়েয নেই। فقط والله أعلم بالصواب
তথ্যসুত্র: মুসলিম শরিফ: ৩৮০৮, ফতোয়া শামি: ৫/৮৪,
উত্তর লিখনে
আবুল ফাতাহ কাসেমি


