বিজেএমসির ৩৪ হাজার শ্রমিকের পাওনা বুঝিয়ে দেয়া হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

বিজেএমসির ৩৪ হাজার শ্রমিকের পাওনা বুঝিয়ে দেয়া হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ৩৩ হাজার ৮৪০ জন শ্রমিকের পাওনা বুঝিয়ে দেয়া হবে। সেই সঙ্গে ক্রমবর্ধমান লোকসানের কারণে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় অবসায়নের মাধ্যমে মিলগুলোকে বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযাযী আধুনিকায়ন হবে।

রোববার (২৮ জুন) বিজেএমসির কার্যক্রম পর্যালোচনা বিষয়ে অনলাইন এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এ কথা বলেন। সভায় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, এনডিসি এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের (৮ হাজার ৯৫৪ জন) প্রাপ্য সকল বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের (২৪ হাজার ৮৮৬ জন) প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি এবং সে সঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসঙ্গে শতভাগ পরিশোধ করা হবে। এজন্য সরকারি বাজেট থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা দেয়া হবে।

তিনি আরো বলেন, অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জি টু জি/লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেয়া হবে। নতুন মডেলে পুনঃচালুকৃত মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকেরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একই সঙ্গে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, বেসরকারি খাতে মাসিক মূল মজুরি ২ হাজার ৭০০ টাকার বিপরীতে উৎপাদনশীলতা ও মজুরি কমিশন, ২০১৫ বাস্তবায়নের পর বিজেএমসির পাটকলগুলোতে তা ৮ হাজার ৩০০ টাকায় উন্নীত হয়েছে। ফলে সরকারি মিলে ইউনিট প্রতি উৎপাদন খরচে মজুরির অংশ ৬০-৬৩ শতাংশ, যা বেসরকারি খাতের প্রায় তিনগুণ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *