পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেপ্তারকে করা হয়েছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে ‘চড় মারা উচিত’ মন্তব্য করে গ্রেপ্তার হলেন তিনি।
এনডিটিভি জানায়, গত দুই দশকের মধ্যে এই প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারতের মন্ত্রীসভায় থাকাকালে গ্রেপ্তার হলেন। রানেকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে একটা টানাপড়েন ছিল। নিজেকে বাঁচাতে রানে প্রথমে মুম্বাইয়ের রত্নগিরির আদালতে যান। সেখানে আদালত তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রী রানেকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের সঙ্গমেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন রানে।
শিবসেনা সংসদ সদস্য বিনায়ক রাউত ইতোমধ্যে মন্ত্রী রানের মন্তব্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি রানের পদত্যাগ দাবি করেন।
উদ্ধব ঠাকরেকে চড় মারা মন্তব্য নিয়ে রানের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে বিজেপি। রাজ্যের বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস বলেন, ‘পুলিশকে বলব আইনমাফিক কাজ করুক তারা।’ রাণের সম্পর্কে তার মন্তব্য, ‘মুখ্যমন্ত্রী সম্পর্কে একটু সংযতভাবে মন্তব্য করা উচিত ছিল তার। আরও ভালভাবে বলতে পারতেন। তবে তার মানে এই নয় যে, এর জন্য হাঙ্গামা করতে হবে।’
তবে বিজেপি সভাপতি এনজে নাড্ডা বলেছেন, নারায়ণ রানের গ্রেপ্তার সংবিধান বহির্ভূত।


