বিধিনিষেধ না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ

বিধিনিষেধ না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকার ঘোষিত বিধিনিষেধ না মানলে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে, এখন এর হার ২৫ শতাংশ। গতকাল সাড়ে ৯ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ১২ জন মারা গেছেন। আতঙ্কিত না হলেও এটা আশঙ্কাজনক ও চিন্তার কারণ। আমরা জেলা প্রশাসকদের বলেছি গতবার দ্বিতীয় ঢেউ বা প্রথমে যেভাবে সহযোগিতা করেছেন এবারও সেভাবে সহযোগিতা আশা করছি। আপনারা (ডিসি) একটি জেলা পর্যায়ে কমিটির সভাপতিত্ব করেন। সেখানে সবাইকে নিয়ে কাজ করবেন। আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়েও কাজ করবেন।

তিনি বলেন, ওমিক্রন যেভাবে বাড়ছে সেটার লাগাম ধরে রাখতে আমাদের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ১১ দফা বলতে পারেন। বিধিনিষেধগুলো যাতে বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের মূল হাতিয়ার জেলা প্রশাসকরা। জেলা পর্যায়ে এটি করতে হবে। যখন বাস, ট্রেন, স্টিমারে লোক চড়বে তাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব বজায় রাখতে হবে। যারা স্বাস্থ্য মানবে না, এসব অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

এছাড়া তিনি জানান, আগের তুলনায় অনেক ভালো অবস্থায় আছি। পর্যাপ্ত টেস্ট কিটস আছে। অক্সিজেনের অভাব নেই। প্রায় ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে, যেটা আগে ছিলো না। টেলি মেডিসিনের ব্যবস্থা রয়েছে। ২০ হাজার বেড রয়েছে। ৪০ হাজার নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে। ১৫ হাজার ডাক্তার রয়েছে। ২০ হাজার নার্স রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। সার্বিক বিষয়ে প্রস্তুতি ভালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *