বিমানবন্দরে যাত্রী হয়রানি : ‘ভালো ব্যবহারের’ প্রশিক্ষণ পাবেন কর্মীরা

বিমানবন্দরে যাত্রী হয়রানি : ‘ভালো ব্যবহারের’ প্রশিক্ষণ পাবেন কর্মীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে “ভালো ব্যবহারের” জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১০ আগস্ট) বিমানবন্দরে আয়োজিত গণশুনানিতে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান।

তিনি বলেন, “বিমানবন্দরে সাধারণ যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের সঙ্গে যাতে কর্মীরা ভালো ব্যবহার করেন, সে জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন, কাস্টমস, পুলিশ সবাই এর আওতায় থাকবে।”

যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করলে বিমানবন্দরে কাউকে কাজ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি এক যাত্রীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার দুর্ব্যবহারের কথা উল্লেখ করে মফিদুর রহমান বলেন, “এ ঘটনায় আমরা ব্যথিত। যাত্রীদের সম্মান রক্ষায় আমরা বদ্ধপরিকর।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

বিমানবন্দরে কাজ করা সমস্ত সংস্থার প্রতি আহ্বান জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, “অভিবাসী শ্রমিকরা আমাদের সবচেয়ে সম্মানিত যাত্রী।তার আমাদের অর্থনীতি সচল রাখতে রেমিট্যান্স পাঠাচ্ছে। তাই, বিমানবন্দর কর্মীদের তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।”

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে বিমানবন্দরের সামগ্রিক সেবা উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *