পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিমান চালানোকালীন সময়ে আকাশেই হার্ট অ্যাটাকের শিকার হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউম মারা গেছেন।
সোমবার (৩০ আগস্ট) নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, দুপুরে কিংসওয়ে হাসপাতাল সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে গত শুক্রবার (২৭ আগ্সট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। সেদিন সকাল সাড়ে ১১টার দিকে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
কিন্তু আকাশে থাকতেই বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ হার্ট এ্যাটাক করেন। অবস্থা খারাপ বুঝতে পেরে তিনি দ্রুত যোগাযোগ করে বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করান।
সাথে সাথে তাকে সেখানকার একটি হাসপাতালের আইসিউ বিভাগে ভর্তি করা হয়।


