বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয় : কাদের

বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয় : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের পরস্পরবিরোধী রাজনীতির কারণে বিদ্বেষের দেয়াল উঁচু হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মীতা জানাতে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া দেখা করা তো দূরের কথা, বাসার গেট পর্যন্ত খোলেননি। সম্প্রীতি গড়তে তারা দেননি।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তারা নিজেদের নেত্রীর মুক্তির দাবিতে একটা বড় মিছিল পর্যন্ত করতে পারেনি। তারা আন্দোলনেও ব্যর্থ। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নালিশ আর প্রেস ব্রিফিংয়ের রাজনীতি শুরু করেছে।’

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের আমলে আর কোনো নির্বাচন তারা করবে না, এমনো বলেছিল। পরবর্তীতে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা নির্বাচনে এসেছেন। নির্বাচনে এসে তারা আগের দিন পর্যন্ত হইচই করে থাকেন। নির্বাচনের দিন এজেন্ট পর্যন্ত দিতে পারেন না। পরে তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে দোষ দেন তারা। কোথায় কোন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে সেটা বলতে পারে না, শুধু অন্ধকারে ঢিল ছোড়ে বারবার।’

বিচার বিভাগকে স্বাধীন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধেই দুদকের মামলা চলছে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করে না। তারা (বিএনপি) যখন ক্ষমতায় ছিল তখন কি দেশে দুর্নীতি হয়নি? তাদের কয়জন নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? একজনকেও দেখাতে পারবেন না।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *