পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক দিনে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সারা বিশ্বে নতুন করে আরও ৭ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে এবং এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৪ লাখ ৩৬ হাজার ৯২১ জন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই রিপোর্ট লেখা হয়েছে।
হিসেবে দেখা যায়, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮০০ জন। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারের বেশি। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৭৫৫ জনে।
গত একদিনে মৃত্যু ও শনাক্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছেও দেশটিতে। এরপরই রয়েছে রাশিয়া-মেক্সিকো।
চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


