বিশ্বে এক দিনে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে

বিশ্বে এক দিনে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬৪১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৬৪ হাজার ৪৮ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ১১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৫৬ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৫২৪ জনে।

রোববার (৫ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এরপরই প্রাণহানির তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, পোল্যান্ড, জার্মানি ও তুরস্ক।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৪৯২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৮ হাজার ৬০৮ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৭৪ জন।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ২২২ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮৪৮ জন এবং মারা গেছেন ১২৭ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৪৩৬ জন।

ব্রাজিল করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৩৮ জন।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৬২০ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৫৮ জন, তুরস্কে ২২৮ জন, পোল্যান্ডে ৫০২ জন, ফিলিপাইনে ২৪৩ জন, ভিয়েতনামে ২০৩ জন এবং মেক্সিকোতে ১৮৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *