বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল, আক্রান্ত ১ কোটি ৪৪ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল, আক্রান্ত ১ কোটি ৪৪ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল, আক্রান্ত ১ কোটি ৪৪ লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে ৬ লাখের বেশি মানুষ। এতেও থামছে না মৃত্যু। রোজ মৃত্যুর মিছিলে হাজারো মানুষ যোগ দিচ্ছেন।

গত ডিসেম্বরে প্রথমবার শনাক্ত হওয়ার পর মাত্র ৭ মাসের ব্যবধানে এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিল সর্বনাশা করোনা। আর আক্রান্ত হয়েছেন প্রায় দেড় কোটি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, শনিবার বিশ্বে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪২ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ লাখ।

আর ওয়ার্ল্ডওমিটারসের সবশেষ তথ্যে বলা হয়েছে, রোববার বেলা ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৭৩১ জন।ওয়েবসাইটটির তথ্যমতে, সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫২ লাখ ৫ হাজার ৯৯১ জন। এর মধ্যে ৫৯ হাজার ৯১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আর মারা গেছেন ৬ লাখ ৪ হাজার ৯৬৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ লাখ ১৮ হাজার ১০০ জন।করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮৬ লাখ ১১ হাজার ৬৫৭ জন।

ওয়ার্ল্ডওমিটারসের হিসাবে, শনিবার করোনা আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ হাজার ৮ জন। আর একদিনেই আক্রান্ত হয়েছেন আড়াই লাখের বেশি মানুষ।

বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এক কোটি ৩০ লাখ থেকে এক কোটি ৪০ লাখে পৌঁছাতে চারদিনের কিছু বেশি সময় লেগেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে। তাদের হিসাবে সর্বশেষ ১০ লাখ রোগী পেতে বিশ্বকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১০০ ঘণ্টা। যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে শনাক্ত রোগীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ায় এখন প্রায় প্রতিদিনই গড়ে আড়াই লাখের বেশি মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

গত সপ্তাহের সোমবার রোগীর সংখ্যা টপকায় এক কোটি ৩০ লাখ। তার মাত্র ১০০ ঘণ্টার ব্যবধানেই যুক্ত হয় আরও ১০ লাখের বেশি। বিশ্বজুড়ে এখন পর্যন্ত যত রোগী শনাক্ত হয়েছে তার এক চতুর্থাংশেরও বেশি মিলেছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে রোববার সকাল পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। কেবল শনিবারই দেশটিতে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৫৯ জন নতুন রোগী।

যুক্তরাষ্ট্রের পর শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে সরকারি হিসাবে ২০ লাখ ৭৪ হাজারের বেশি রোগীর সংক্রমণ ধরা পড়ার কথা বলা হচ্ছে। আর মারা গেছেন ৭৮ হাজার মানুষ।

ওয়ার্ল্ডওমিটারস বলছে, ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২০ লাখ ৭৫ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৭৮ হাজার ৮১৭ জনে ঠেকেছে।

লাতিন আমেরিকার এ দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর দেহে কোভিড-১৯ ধরা পড়েছে। কট্টর ডানপন্থী এ প্রেসিডেন্ট প্রাদুর্ভাবের শুরু থেকেই নতুন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ আরোপের বিরোধী ছিলেন। মতের মিল না হওয়ায় দুই দফায় স্বাস্থ্যমন্ত্রীও বদলেছেন তিনি।

শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে; দেশটিতে এখন প্রতিদিনই গড়ে ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছেন। সেখানে মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৩৭ জনের।

কেবল শনিবারই সেখানে ৩৪ হাজার ৮৮৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, ৬৭১ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে এখনও মাসখানেক বাকি।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭০৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ দুই হাজার ৬৬ জনে দাঁড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৫৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ১০ হাজার ৯৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *