নতুন করে কেউ আর বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন না বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, ৫০ বছর সুযোগ থাকার পরও মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যারা নির্ধারিত ফর্মে আবেদন করতে পারেননি তারা আর সুযোগ পাবেন না। একই কারণে তারা ভাতা এবং সুবিধাদিও পাবেন না। তবে, যারা ভাতাভোগী কিন্তু সনদ নেই তারা আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ৬৪ জেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে এক লাখ ৮২ হাজার ৩৫২টি ডিজিটাল সার্টিফিকেট এবং ৯৫ হাজার ২৪৫টি স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সমন্বিত তালিকায় অন্তর্ভুক্ত বাকিদের ডিজিটাল সনদ এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ চলছে। এক্ষেত্রে ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ, ২০২০’ মানা হচ্ছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ৩৩ ধরনের প্রমাণের মধ্যে যে কোনো একটি প্রমাণ হিসেবে দাখিল করতে হবে।


