পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃষ্টির পানিতে ডুবে গেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বেশকিছু এলাকা। এ কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে অবতরণের ব্যবস্থা করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে মাঝারি সতর্কতা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার সেখানে ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা বিগত ৪৬ বছরের ইতিহাসে রেকর্ড। এর আগে এমন বৃষ্টি দেখা গিয়েছিল ১৯৭৫ সালে। ওই বছর এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
ভারতের আবহাওয়া দপ্তর বলছে, এ বছর আরও বেশি বৃষ্টিপাত হতে পারে চলতি বছর ১ হাজার ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দিল্লির গড় বৃষ্টিপাত প্রায় ৬৫০ মিলিমিটার।
দিল্লির আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সকাল সাড়ে ১০টার দিকে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে তারা। এদিকে শুধু দিল্লি বিমানবন্দর নয়, এর পার্শ্ববর্তী আরও কিছু এলাকা বৃষ্টিতে তলিয়ে গেছে।


