বৃষ্টির সুফল ঢাকার বাতাসে

বৃষ্টির সুফল ঢাকার বাতাসে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ রোববার সকাল সোয়া নয়টায় ঢাকার অবস্থান ১৩তম। গতকাল শনিবার এ অবস্থান ছিল সপ্তম, এর আগের দিন ছিল ষষ্ঠ। আজ ঢাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১৩। এ বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আজ ঢাকার বায়ুর মান অপেক্ষাকৃত উন্নত হওয়ার কারণ হলো গতকাল বিকেলের বৃষ্টি। ঢাকার বায়ুর মান উন্নত হওয়াটা এখন প্রকৃতি বা বৃষ্টিনির্ভর।

আজ সকাল সোয়া নয়টার সময় বিশ্বে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করে থাইল্যান্ডের চিয়াংমাইয়, স্কোর ২১০। দ্বিতীয় অবস্থানে আছে ঘানার আক্কারা শহর, স্কোর ১৬৯। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৬৩। নেপালের কাঠমান্ডু ১৬২ স্কোর নিয়ে চতুর্থ। ভারতের রাজধানী দিল্লি আছে পঞ্চম স্থানে, সেখানকারও স্কোর ১৬২।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *