বৃষ্টিশঙ্কায় মুম্বাইয়ে স্কুলকলেজ বন্ধ ঘোষণা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃষ্টিশঙ্কায় মুম্বাইয়ে স্কুলকলেজ বন্ধ ঘোষণা হয়েছে। এর আগেও এমন বৃষ্টিবানে ভেসেছিল পথঘাট। ভারতের মুম্বাইয়ে আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর থেকে এমন পূর্বাভাস পেয়ে সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করে দিয়েছে মুম্বাই প্রশাসন।
মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী আশিস শেলার এ দিন টুইটারে লেখেন, মুম্বাই, ঠাণে ও কোঙ্কন এলাকার স্কুলগুলোতে আমরা ছুটি ঘোষণা করেছি। অন্যান্য অঞ্চলে জেলা প্রশাসকরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকেই মুম্বাইয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের নির্বাহী পরিচালক কেএস কোশলকর জানান, বুধবার রাতে ভারসোভাতে মাত্র তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে ঠাণে, পালঘরসহ অন্যান্য অঞ্চলেও।
এবারের বর্ষায় অতিবৃষ্টির কারণে মুম্বাইবাসীদের বারবার বিড়ম্বনায় পড়তে হয়েছে। বিপর্যস্ত হয়ছে সেখানকার মানুষের জীবন। গত ৪ সেপ্টেম্বর মাত্র এক রাতের বৃষ্টির জেরে আবারও বানভাসি হয় মুম্বাইয়ের বাসিন্দার। শহরের যান চলাচল সম্পূর্ণ ব্যহত হয়।
সেই সময়েও প্রশাসনের পক্ষ থেকে শহরের সব স্কুল ২৪ ঘণ্টার জন্যে বন্ধ রাখা হয়েছিল। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ায় সান্তাক্রুজ, ঠাণে, দাহানুজের বহু এলাকা পানির নিচে চলে গেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


