বেগম গঞ্জের পীড়িত বেগম
ফয়জুল্লাহ আমান
হে নিপীড়িতা
বেগমগঞ্জের বেগম
প্রিয় বোন আমার
তোমার অসহায়ত্ব
আর্তনাদ
অসহ্য কষ্ট
বোবা কান্না
গুমরে ওঠা
হাহাকার…
আহা কি যন্ত্রণা
পাষণ্ড সমাজ
কতটা নৃশংস
অসভ্য
কত নীচ আর
বর্বর হতে পারে পাপীষ্ঠরা।
বাংলার মাঠ ঘাট
পাহাড় পর্বত
নদী সাগর ব্যথায় ককিয়ে উঠছে
সবাই অনুভব করছে
তোমার অব্যক্ত অকথ্য যন্ত্রণা
দুঃসহ বেদনায় আচ্ছন্ন আজকের প্রকৃতি।
পৃথিবীর সব লেখক সাংবাদিক মিলেও
প্রকাশ করতে পারবে না তোমার বিরাট কষ্ট
ঘুচাতে পারবে না লজ্জা।
প্রতিবাদে ফুঁসে উঠছে তবু
নির্জীব মাটি
শোকার্ত গাছ
অবলা পাখি
আশ্বিনের বিষন্ন আকাশ ও বিবেক বর্জিত মানুষও।
শাহবাগ, হেফাজত, চরমোনাই, জমিয়ত, শাপলা চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, মসজিদ, মন্দির, স্কুল কলেজ, মাদ্রাসা মক্তব, খেলার মাঠ, চায়ের দোকান এবং সাধারণ ঘর বাড়ি থেকে সবাই একযোগে প্রতিবাদে ফেটে পড়ছে। উত্তপ্ত হয়ে উঠছে ফেইসবুক, টুইটার, ইউটিউব, নিউজ পোর্টাল, মিডিয়া।
বেগম গঞ্জের পীড়িত বেগম!
তোমার জন্য আঠারো কোটি মানুষের সমবেদনা ও ভালোবাসা।


