পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যশোরের বেনাপোল স্থলবন্দর থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের মধ্যমপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)।
আহতদের মধ্যে একজন জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে আটটার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কিছু যুবক তাদের ওপর বোমা হামলা করে। এতে রাশেদের বাম হাতের কব্জি উড়ে যায়।
এদিকে অপর একটি সূত্র জানিয়েছেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিলো। এ সময় বোমা বিস্ফোরণে তারা নিজ বোমায় আহত হয়েছে।
যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দীন স্বপন জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।


