নিজস্ব প্রতিবেদক ● শুক্রবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ বক্সের সামনে বোমা হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আত্মঘাতী জঙ্গি বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৮/৩০ বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালায়। এবারও হামলাকারী পেটে সুসাইড বোমা বেঁধে হামলা চালিয়েছে। পেটে বোমা বাঁধা থাকায় আত্মঘাতীর শরীরের মাঝ বরাবর আলাদা হয়ে গেছে। সূত্র মতে, এখন পর্যন্ত যতগুলো আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে, তাদের সবাই পেটে বোমা বেঁধে হামলা চালিয়েছে। বিশেষ করে সুইসাইড ভেস্ট বেঁধে তারা এসব হামলায় অংশ নেয়।
গত শুক্রবার (১৭ মার্চ) র্যাবের ক্যাম্পে হামলার সময়ও আত্মঘাতী এ ধরনের সুইসাইড ভেস্ট ব্যবহার করে। ওই বোমার বিস্ফোরণে হামলাকারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সপ্তাহের ব্যবধানে এয়ারপোর্ট গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সকে লক্ষ্য করে চালানো এ হামলায়ও আত্মঘাতী জঙ্গি একই ধরনের সুসাইড ভেস্ট ব্যবহার করেছে। বোমার বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে তার কোমরের কাছ থেকে শরীর পৃথক হয়ে যায়। রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখা যায় তার শরীর।


