ব্যক্তিস্বার্থে নারায়ণগঞ্জকে জঙ্গী আস্তানার খেতাব দেয়া হচ্ছে: আইভী

ব্যক্তিস্বার্থে নারায়ণগঞ্জকে জঙ্গী আস্তানার খেতাব দেয়া হচ্ছে: আইভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে ‘সাম্প্রদায়িক আইভী’ লেখা ব্যানার ঝুলতে দেখা গেছে। এর প্রতিক্রিয়ায় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেছেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

তিনি বলেন, ‘যেখানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জননেত্রী শেখ হাসিনার মনোনীত একজন প্রার্থী ছিলাম, মেয়র ছিলাম, জেলা আওয়ামী লীগেরও সহসভাপতি ছিলাম, সেখানে আমার দলের একটি চক্র সাম্প্রদায়িক আইভী লেখা ব্যানার প্রতিটি পূজামণ্ডপে জোর করে লাগিয়েছে এবং সঙ্গে পাঁচ হাজার করে টাকা পাঠানো হয়েছে। এভাবে নারায়ণগঞ্জকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জকে জঙ্গি আস্তানার খেতাব দেওয়া হচ্ছে।’

মঙ্গলবার দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এই অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে শহরে যানজট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এই নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। বহু আগে থেকে এখানে আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান একসঙ্গে বসবাস করে আসছি। কিন্তু ইদানীং দেখবেন কে বা কারা জোর করে পূজামণ্ডপে আমার বিরুদ্ধে “সাম্প্রদায়িক আইভী” লেখা ব্যানার লাগিয়েছে।’

তাঁরা কী এক আইভীকে ঠেকাতে গিয়ে জাতীয়ভাবে কোনো দুর্যোগ ডেকে আনছেন কি না?

মেয়র আইভী বলেন, এগুলো কে করছেন? তাঁরা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ভেতরে ঘাপটি মেরে থেকে ব্যক্তিস্বার্থ দেখছেন। তিনি অভিযোগ করেন, যাঁর ব্যবসা নেই, তাঁর কোটি কোটি টাকা আয়। তাঁদের টাকার কোনো অভাব নেই। তাঁরা টাকা দিয়ে অনেক কিছু করতে পারেন। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

মেয়র আরও বলেন, ‘২০০৩ সালে যখন নির্বাচন করেছি, তখন সুবিধাভোগীরা এই শহরে ছিল না। আমি আপনাদের সহযোগিতা নিয়ে নির্বাচন করেছি। ২০১১ ও ২০১৬ সালে কী পরিস্থিতি ছিল, সেটি আপনারা দেখেছেন। আমার ওপর কী পরিমাণ অত্যাচার করা হয়েছে। প্রতিদিন আমাকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন হওয়ায় আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন করেছি, আপনাদের মেয়র হয়েছি। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে ভালো মনে করবেন, তাকেই দল থেকে মনোনয়ন দেবেন।’

‘কিন্তু এভাবে একজন নারীকে হেনস্তা করা, যখন যা কিছু বলা—এভাবে নারায়ণগঞ্জের সুন্দর পরিবেশকে অশান্ত করার এই ধরনের অশুভ সংকেত দিচ্ছে কারা? তাঁরা কী এক আইভীকে ঠেকাতে গিয়ে জাতীয়ভাবে কোনো দুর্যোগ ডেকে আনছেন কি না?’ – প্রশ্ন রাখেন তিনি।

জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেছেন জেলা শ্রমিক লীগের নেতা আবদুস ছালাম। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলাবিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, জেলা শ্রমিক লীগের নেতা মাইনুদ্দিন আহমেদ, সবুজ শিকদার, হুমায়ুন কবির আখাতারুজ্জামান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *