ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাথেয় রিপোর্ট : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ সময় আহত হয়েছে আরো ৮ জন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়নরের শশই নামক স্থানে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যায়।

তিনি জানান, এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে ঢাকায় এবং দুইজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর কুড়িলে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে কুড়িল নিকুঞ্জ-১ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আবদুল মোন্নাফ মিয়া।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ফ্লাইওভারে ওঠার সময় (নিকুঞ্জ-১ গেটের সামনে) হঠাৎ রেলিংয়ে লেগে মোটরসাইকেলসহ পরে যায় চালক। এসময় আমাদের বাসটি ওই মোটরসাইকেল চালকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা উত্তেজিত হয়ে উঠলে চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শী কয়েকজন মিলে দুর্ঘটনার শিকার ব্যক্তিকে প্বার্শবর্তী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রিজুয়ান জানান, ঘাতক বাস ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হবে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থায় নেওয়া হবে।

এদিকে রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের তলে পড়ে মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশ মাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিহতরা হলেন- শানেরহাট ইউনিয়নের হরিরাম শাহাপুর গ্রামের আজগার আলীর ছেলে মশফিক হোসেন (২৫), একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহিনুর (২৬) ও কায়েম মিয়ার কন্যা রুমি (২৬)। নিহতরা পরস্পর ফুফাতো ও মামাতো ভাইবোন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার তিনজন একটি মোটরসাইকেলে গ্রামের রাস্তা থেকে মহাসড়কে ওঠামাত্র ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহন ৩ জনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ কোচটি আটক করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *