ব্রিটিশ পার্লামেন্টে গণহত্যার স্বীকৃতি চায় বাংলাদেশ

ব্রিটিশ পার্লামেন্টে গণহত্যার স্বীকৃতি চায় বাংলাদেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘ইতিহাসের জঘন্যতম’ গণহত্যাকে স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) যৌথ উদ্যোগে শুক্রবার বাংলাদেশ গণহত্যা দিবসের ৫১তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শনিবার হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুনা তাসনীমকে উদ্ধৃত করে বলা হয়, “১৯৭১ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান স্যার পিটার শোর এমপি পূর্ব পাকিস্তানে সংঘটিত নৃশংসতার নিন্দা জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন।

“পরে ২৩৩ জনেরও বেশি ব্রিটিশ ক্রস-পার্টি সদস্য পূর্ব বাংলায় গণহত্যার অবসান এবং বাংলাদেশের স্বীকৃতির আহ্বান জানিয়ে আরেকটি প্রস্তাব আনেন।”

এমন প্রেক্ষাপটে অনুষ্ঠানে বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে নতুন করে আরেকটি প্রস্তাব গ্রহণের জন্য ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানদের প্রতি আহ্বান জানান হাই কমিশনার।

পাশাপাশি ব্রিটিশ ও বিভিন্ন আন্তর্জাতিক গণহত্যা জার্নালে বাঙালি গণহত্যার ওপর প্রকাশনা বাড়ানোর ক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান ও গবেষকদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

২৫ মার্চকে বাংলাদেশের গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে হাইকমিশনার বলেন, “এখন আমাদের দায়িত্ব হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার ব্যাপারে বৈশ্বিক সচেতনতা তৈরি করা।”

কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য রামি রেঞ্জার অনুষ্ঠানে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তার অব্যাহত সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করে যুক্তরাজ্যে এ গণহত্যার একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করার আহ্বান জানান।

যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার গাইত্রী ইসার কুমার, টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের লিবারেল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক জোয়ান ডিজেওর্জ-লুৎজ, যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার কন্যা গবেষণা উদ্যোগ বাংলাদেশের পরিচালক অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা, লন্ডনে বসনিয়া ও হার্জেগোভিনা দূতাবাসের প্রতিনিধি জেসমিনা সারাজলিচ এবং ইউসিএলের রিসার্চ ফেলো বায়েস আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ সময় ২৫ মার্চ এর গণহত্যার একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদসহ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *