পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন। দুই দিনের ভারত সফরের প্রথম দিনে ভারতীয় শিল্প সংস্থা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের জানান, ‘ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা বাংলাদেশে আসুন এবং বিনিয়োগ করুন। আমরা বাংলাদেশে আপনাদের বিনিয়োগকে স্বাগত জানাই।’
সালমান এফ রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, ‘প্রতিবেশী প্রথম’। বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকেই তিনি সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকেন।
বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে শেখ হাসিনা সিইওদের সেখানে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানান। সাক্ষাতে অংশগ্রহনকারী সিইওরাও বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা করার আগ্রহের কথা প্রকাশ করেন।
সালমান এফ রহমান আরও জানান, যারা ইতোমধ্যেই বাংলাদেশে ব্যবসা করছেন, তারা এদেশে তাদের ব্যবসা সম্প্রসারণে আগ্রহী।
ভারতীয় শিল্পপতিরা প্রধানমন্ত্রীকে জানান, তারা বাংলাদেশের এফবিসিসিআই এর সহযোগিতায় বিভিন্ন খাতে কাজ করতে চান।
এ প্রসঙ্গে, তারা বিশেষ করে কৃষি, তথ্যপ্রযুক্তি ও পরিবহন ও সংলগ্ন ক্ষেত্রগুলোতে যৌথভাবে কাজ করার উপায় খুঁজে বের করার ওপর জোর দেন।
ভারতীয় শিল্পপতিরা তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের কথা তুলে ধরেন এবং বাংলাদেশেও ব্যবসায়িক সম্প্রসারণের জন্য এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান।
বাংলাদেশি ব্যবসায়ীরাও দেশে ব্যবসার সুযোগ-সুবিধা তুলে ধরে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
সাক্ষাৎকালে ভারতীয় শিল্পপতিরা শুল্ক বহির্ভূত বাধা নিয়েও কিছু বিষয় উত্থাপন করেন। এ বিষয়ে সালমান এফ রহমান বলেন, প্রক্রিয়াটি সহজ করার জন্য তারা সিআইআইকে তাদের সরকারের সাথে কথা বলার জন্য বলেছেন।
পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


