পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রখাত দার্শনিক আলেম ও সুবক্তা মাওলানা তাহের হুসাইন গায়াভি ইন্তেকাল করেছেন। আজ (১০ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মাওলানা তাহের হুসাইন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বিহারের আরাতে আজ তার মৃত্যু হয়। আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টায় অলিগঞ্জ আরাতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মাওলানা তাহের হুসাইন ১৯৪৭ সালের ১২ এপ্রিল ভারতের বিহার প্রদেশের গায়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি আনোয়ার উলূম নামে স্থানীয় একটি মাদরাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর মাজহার উলূম বেনারসে মাধ্যমিক শিক্ষা লাভ করেন, যেখানে তিনি এলাহাবাদ বোর্ড থেকে প্রথম বিভাগে স্নাতক হন।
এরপর মাওলানা তাহের হুসাইন সাহারানপুরের মাজাহিরুল উলূমে এক বছর অধ্যয়ন করেন। দারুল দেওবন্দ থেকে ১৯৬৭ সালে পড়াশোনা চালিয়ে যান। এরপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আদিব-ই-কামিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
শিক্ষাজীবন শেষে দীর্ঘ ৮ বছর গায়া ও বেনারসে বেশ কয়েকটি মাদরাসায় শিক্ষকতা করেন। এরপর তিনি বিহার রাজ্যের পালাম জেলায় দারুল উলূম হুসাইনিয়া নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন।
বক্তৃতা ও তর্ক-বিতর্কের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন বিদগ্ধ এ আলেম। ইসলামি সমাজ ব্যবস্থা থেকে বিদআত নির্মূলে তার অসামান্য অবদান রয়েছে। বক্তৃতা ও বিতর্কের মাঠে সবসময় সুন্নতের পতাকা সমুন্নিত রেখেছিলেন মাওলানা তাহের হুসাইন।
সূত্র : আওয়ার ইসলাম


