ভারতে আবারও ধর্ষণের শিকার নারীর শরীরে অগ্নিসংযোগ

ভারতে আবারও ধর্ষণের শিকার নারীর শরীরে অগ্নিসংযোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের উত্তর প্রদেশে ধর্ষণের শিকার এক নারীর শরীরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই নারী নিজের করা ধর্ষণ মামলার সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার পথে তার শরীরে আগুন ধরিয়ে দেয় ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তি। আগুনে ওই নারীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর প্রদেশের উন্নাওয়ে গত মার্চে পাঁচ জন মিলে ধর্ষণ করে ওই নারীকে। ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। জামিনে জেল থেকে বেরিয়ে দুই অভিযুক্ত বৃহস্পতিবার ধর্ষণের শিকার নারীর গ্রামে যান। ওই সময় ওই নারী বাবা-মাকে সঙ্গে নিয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন। এসময় ওই নারীকে টেনে গ্রামের বাইরে নিয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুই ব্যক্তি।

খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আগুনে শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ভারতে গত নয় দিনে ধর্ষণের শিকার নারীর শরীরে অগ্নিসংযোগের তিনটি ঘটনা ঘটলো। গতকাল বুধবার বিহারে ১৬ বছরের এক অজ্ঞাতপরিচয় কিশোরীর দগ্ধদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, কিশোরীর শরীরে ধর্ষণের চিহ্ন আছে।

এর আগে গত ২৭ নভেম্বর হায়দারাবাদে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এই ইস্যুতে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়, যার রেশ ছড়ায় লোক ও রাজ্য সভায়।

ভারতের সর্বশেষ অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, কেবল ২০১৭ সালেই পুলিশ ৩৩ হাজার ৬শ’ ৫৮টি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত করে। সে অনুযায়ী প্রতিদিন ৯২ জন নারী ধর্ষণের শিকার হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *