পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শনিবার (২৮ জানুয়ারি) ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার জি ডি ওমেনস কলেজ চত্বরে ছাত্রীদের বোরকা পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল কলেজ কর্তৃপক্ষ।
নোটিশ বোর্ডে ওই নিষেধাজ্ঞার কথা জানানোর পর ছাত্রীদের বিক্ষোভের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই তা তুলে নিতে বাধ্য হয় কলেজ প্রশাসন।
নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, কলেজ চত্বরে কেউ বোরকা পরে আসতে পারবে না। নিয়ম ভঙ্গ করলে কলেজ কর্তৃপক্ষকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে। এতে স্বাক্ষর করেন কলেজটির প্রিন্সিপ্যাল ও প্রোক্টর ড. শ্যামা রায়।
বোরকা নিষিদ্ধের বিষয়কে সমর্থন জানিয়ে কলেজের সংস্কৃত বিভাগের প্রধান ড. অশোক কুমার যাদব বলেন, কলেজ কর্তৃপক্ষ পোশাক পরিধানের জন্য যে নিয়ম তৈরি করেছে তা সবাইকে মেনে চলতে হবে। আর যদি না মানে তাহলে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।
তবে ছাত্রীদের বিক্ষোভের মুখে নোটিশ জারির কয়েক ঘণ্টা পরই তা তুলে নেয় কলেজ কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ বিষয়ে কলেজ প্রিন্সিপাল বলেন, ছাত্রীদের বোরকা পরিধানে আর কোনো বিধি-নিষেধ নেই। তবে তাদের ইচ্ছা হলে বোরকা খুলে ক্লাসে আসতে পারেন।
তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল একটি নিয়মানুবর্তিতা আনা- যাতে করে সবাই এক রকম পোশাক পরিধান করে কলেজে আসে। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না।


