পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনভিত্তিক অনলাইন বিক্রেতা জায়ান্ট আলিবাবা ভারতে আপাতত নতুন কোনো বিনিয়োগ করতে চাইছে না। বিষয় সম্পর্কে অবগত দুটি সূত্র জানায়, একদিকে ক্রমে সীমান্তে দুই দেশের মধ্যে উত্তাপ বৃদ্ধি, অন্যদিকে তার জেরে চীনা পণ্যে নয়াদিল্লির নিষেধাজ্ঞার কারণে ভারতীয় কোনো কোম্পানিতেও তারা বিনিয়োগ করতে চাইছে না। খবর রয়টার্স।
সূত্রগুলো বলছে, ভারতে কোনো ব্যবসা চালু বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই তাদের। এমনকি যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা তারা করেছিলেন, সেই সব পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, ভারতে বেশ কয়েকটি নতুন কোম্পানির অর্থায়ন করে আসছিল আলিবাবা। কোম্পানির এ সিদ্ধান্তের জেরে বেশ ধাক্কা খেতে চলেছে সেই সব স্টার্টআপ। অন্তত আগামী ছয় মাস বিনিয়োগের ব্যাপারে ভাবছে না তারা। তবে যে বিনিয়োগ এরই মধ্যে তারা করে ফেলেছে, সেখান থেকে তারা পিছু হটবে, এমনকি নিজেদের শেয়ারও তুলে নেয়া হবে না বলে জানিয়েছে আলিবাবা।
প্রসঙ্গত, দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক এতটাই গভীর যে চীনের ওপর নির্ভরতা কমানোটা মুখে বললেও বাস্তবে সহজ কাজ নয় ভারতের জন্য। লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হর্ষ পন্থের বক্তব্য, চীন থেকে পণ্য আমদানি বন্ধ করা বাস্তবে অত সহজ কাজ নয়। এমন পদক্ষেপ ভারতের জন্য আত্মঘাতী ঠেকবে।
চীন থেকে প্রায় সব ধরনের পণ্য আমদানি করে ভারত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলেকট্রনিকস থেকে ওষুধের কাঁচামাল ও বিভিন্ন শিল্পজাত মেশিনসামগ্রী। ২০১৯ সালে চীন থেকে ৭ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করেছে ভারত। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি প্রায় ৫ হাজার কোটি ডলার।
/এএ


