পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা উদ্ভূত পরিস্থিতিতে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকা পড়া বাংলাদেশিদের আরও ৪৮ জন বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিশেষ ব্যবস্থাপনায় সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা দেশে এসেছেন।
বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ৪ দিনে ২৩৩ জন বাংলাদেশে ফিরে এসেছেন। আরও বহু বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ফেরত আসা ৪৮ যাত্রীকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর তাদের বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারেন্টিন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।


