ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়েই গেল ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠেছে এশিয়া কাপের ১৪তম আসরের। টুর্নামেন্ট শুরুর পর চার দিন পেরিয়ে গেলেও ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা যেন ফুরাচ্ছিল না। সেই অপেক্ষাও প্রায় শেষের পথে। বছর, মাস, সপ্তাহ, দিন পেরিয়ে অপেক্ষা মাত্র আর কয়েক ঘণ্টার। এরপরই মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
নিরপেক্ষ ভেন্যুতে দুই দল মুখোমুখি হলেও ভারত-পাকিস্তান ম্যাচটি ঘিরে উত্তাপ এতটুকু কমেনি। যার প্রমাণ মেলে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকেটের চাহিদা দেখে। ১৯ দিন আগেই শেষ হয়ে যায় ম্যাচটির সব টিকেট। দর্শকদের এই উন্মাদনায় যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানও।
দুই দল সর্বশেষ মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। দীর্ঘ ১৪ মাস পর আবারও ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপের মঞ্চে আগামী ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ক্রিকেটের ২২ গজে দুই দেশের মহারণ দেখতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হওয়ার কথা ইমরান খানের।
পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, ১৯ সেপ্টেম্বরের ম্যাচটি দেখতে দুবাই যেতে পারেন ইমরান খান। আপাতত তিনি দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব আছেন। সেখান থেকে সরাসরি দুবাই যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ইমরানের। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম এমন তথ্যই নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০০৬ সালে। দীর্ঘ ১২ বছর পর আবারও পাকিস্তানের ‘দ্বিতীয় হোম ভেন্যু’তে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। ম্যাচটি সামনে রেখে ইতোমধ্যেই ‘ব্লকবাস্টার’ ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দুই দলের দুই অধিনায়ক। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।


